মোবাইল ইন্টারনেটের মেয়াদ হচ্ছে ৩০ বছর!
মাইক্রো থেকে এবার ম্যাক্রো প্যাকেজে যাত্রা শুরু করছে মোবাইল অপারেটরগুলো। তিন দিন, সাত দিন, ৩০ দিনের বদলে আসছে ১০-৩০ বছর মেয়াদী সীমাহীন প্যাকেজ। মঙ্গলবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
সেখানে তিনি প্যাকেজগুলোর ছবি আপলোড করে লেখেছেন, ‘সকল অপারেটরের বিদ্যমান ডাটা প্যাক : সুদীর্ঘ সময়ের জন্য—আমরা এটাকে সীমাহীন বলি।’

মন্ত্রীর পোস্টে সংযুক্ত সম্ভাব্য প্যাকেজ এর ছবি থেকে জানা গেছে, এই দীর্ঘমেয়াদী ডাটা প্যাকেজ দিচ্ছে চার অপারেটরই। এদের মধ্যে বাংলা লিংক ৫৪৭ টাকায় ১৫ জিবি ও এক হাজার ১৯৯ টাকায় ৪০ জিবি ১০ বছরের জন্য, টেলিটক ১২৭ টাকায় ছয় জিবি ও ৩০৯ টাকায় ২০৩৬ সাল পর্যন্ত, গ্রামীন ফোন ৫৪৯ টাকায় ১৫ জিবি ও এক হাজার ১৯৯ টাকায় ২০৩৩ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এবং রবি ৪৪৪ টাকায় ১০ জিবি, ৭৭৭ টাকায় ২০ জিবি, এক হাজার ৪৪৪ টাকায় ৫০ জিবি ৩০ বছরের জন্য প্যাকেজ নিয়ে আসছে।
এর আগে গতবছরের ২৮ এপ্রিল বাংলাদেশের টেলিকম অপারেটররা বহুল প্রতীক্ষিত 'আনলিমিটেড' ও 'মেয়াদবিহীন ইন্টারনেট ডাটা প্যাক চালু করে। বিটিআরসিতে আয়োজিত এক অনুষ্ঠানে টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার উদ্বোধন করা ওই ‘আনলিমিটেড' মাসিক ডাটা প্যাকেজের শুরুতে ডাটা ব্যবহারের ক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ সীমা নিদিষ্ট করে দেওয়া থাকছে এবং মেয়াদোত্তীর্ণ হবে না বলা হলেও আদতে তা ডাটার ১ বছরের মেয়াদকে বোঝাতো।
উদ্বোধনী ওই অফারে গ্রামীণফোন(জিপি) ২টি প্যাকেজ চালু করে। একটি প্যাকেজে ১ হাজার ৯৯ টাকায় ১৫ গিগাবাইট (জিবি) এবং অন্যটিতে ৪৪৯ টাকায় ৫ জিবি ডাটা দেওয়া হঢ। রবি ৩১৯ টাকায় ১০ জিবি, বাংলালিঙ্ক ৩০৬ টাকায় ৫ জিবি এবং টেলিটক ৩০৯ টাকায় ২৬ জিবি ও ১২৭ টাকায় ৬ জিবি করে ডাটা দিয়েছিলো।







